বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পর্যায়ক্রমে শক্তি সঞ্চয় করে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী ২৮ অক্টোবর (বুধবার) ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৫ অক্টোবর) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
তবে ঝূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা খুবই কম। এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রবিবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আজ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর (বুধবার) নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment