৯ বছর সহকারী শিক্ষকের বেতন বন্ধ রেখেছেন প্রধান শিক্ষক

নওগাঁর পোরশায় আমদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৯ বছর ধরে সহকারী শিক্ষকের বেতন-ভাতা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের নাম শরিফুল ইসলাম বুলবুল। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ভুক্তভোগী শিক্ষক জহুরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘ ৯ বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তিনি এখন নিঃস্ব। পরিবার নিয়ে তিনি অর্থাভাবে দিন পার করছেন। জহুরুল ইসলাম জানান, ২০১৭ সালের জানুয়ারিতে প্রধান শিক্ষক তার বেতন-ভাতা বন্ধ করেন। দলীয় প্রভাবের কারণে সহকারী শিক্ষক হিসেবে তিনি কোনো প্রতিবাদ করতে পারেননি। প্রশাসনিকভাবে চেষ্টা সত্ত্বেও বেতন-ভাতা ফেরত পাননি। চলতি বছরের ১২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর বি.এম. আব্দুল হান্নান এবং মাধ্যমিক-২ এর সহকারী পরিচালক এসএম মোসলেম উদ্দিন অভিযুক্ত প্রধান শিক্ষককে বেতন-ভাতা প্রদান করার নির্দেশ দিয়েছেন। তবে তিন সপ্তাহ পার হলেও জহুরুল এখনও বেতন পাননি। উপায় না পেয়ে জহুরুল ইসলাম এবার পোরশা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। তাকে ইএফটি-তে অন্তর্ভুক্ত করণসহ দশম গ্রেডে উন্নতি করার নির্দেশনা চেয়ে লিখিত আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান শিক্ষকের স্কুলে নিয়মিত না আসার অভিযোগও পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বুলবুলের সঙ্গে মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

0 Comments

Your Comment