প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে বিএনপির নানা প্রস্তুতি

আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সন্ধ্যায় নগরীর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে বিএনপিতে চলছে নানা প্রস্তুতি।


শনিবার পূজামণ্ডপটির প্রস্তুতি দেখতে যান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দে নতুন মাত্রা যোগ করবে।


তিনি জানান, প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফর চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের বিষয়। তার উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ানোর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সৌহার্দ্যের বার্তাকে আরও সুদৃঢ় করবে।


চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনও শনিবার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, রেইনবো নেশন গড়ার বার্তা দিতে আসছেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে।


এ সময় সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে তার চট্টগ্রাম আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রীর এ আগমন সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

0 Comments

Your Comment