স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
সিলেটে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে এসআরবি। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোর্পদ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জস্থ ওলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে শিহাব আহমদ নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিহাব আহমদ (২২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।
এসআরবি জানায়, ভিকটিম সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত ৬ সেপ্টেম্বর ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে স্থানীয় বারহাল বাজারস্থ মার্কেটের সামনে পৌঁছলে শিহাব আহমদ জানায় উপবৃত্তির জন্য তার ছবি তুলতে হবে। মার্কেটের দ্বিতীয় তলার একটি স্টুডিওতে ছবি তোলার জন্য তার বাবা ডেকেছেন। ওই ছাত্রী মার্কেটের দ্বিতীয় তলায় ওঠলে শিহাব তার মুখ চেপে ধরে সিঁড়ির পশ্চিম পাশের দেয়ালের আড়ালে নিয়ে জোর করে কাপড় ছিঁড়ে নগ্ন করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। এরপর বিভিন্ন সময় শিহাব এসব ছবি ও ভিডিও ভিকটিমের বাবা ও ভাইয়ের মোবাইল ফোনে পাঠায় এবং ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
এসআরবি’র মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পর এসআরবি ছায়াতদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় শিহাবের অবস্থান সনাক্ত করে গ্রেফতার করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।