‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি’—ভিডিও ভাইরালের পর এএসআই ক্লোজড

‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে’—হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসেনের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে সেখানে যান এএসআই ইলিয়াস হোসেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ঘুষ নেওয়া নিয়ে বিভিন্ন মন্তব্য করেন তিনি। পরে স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায়, ‘আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না—আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়া লাগবে।’


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।


এ বিষয়ে বক্তব্য জানতে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। ইতোমধ্যে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news