ঘুমন্ত স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন, হাসপাতালে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় দগ্ধ গৃহবধূ ইখতারা সরকার (৩০) মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ৩১ অক্টোবর (শনিবার) ভোরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার সরকারবাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইখতারা ওই এলাকার ঈদন সরকারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীর মিয়ার সঙ্গে ইখতারার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্বজনদের অভিযোগ, গত এক বছর ধরে জাহাঙ্গীর মাদকাসক্ত হয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহের জেরে তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় দেড় মাস আগে দুই বছর বয়সী ছোট ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন ইখতারা।
গত ৩০ অক্টোবর (শুক্রবার) ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার হুমকি দেন তিনি।
পরদিন শনিবার ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে প্রবেশ করেন জাহাঙ্গীর। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তিনি। পরে তাঁর চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করেন।
এ ঘটনায় ইখতারার শ্বাসনালিসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।