আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র শবেবরাত। হিজরি সনের ১৪ শাবান রাত লাইলাতুল মুবারাকা বা বরকতময় এক পবিত্র রজনি। মহান আল্লাহ রব্বুল আলামিন এ রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন এ রাতে মানুষের জন্ম-মৃত্যু ও আমল অনুযায়ী তাদের ভাগ্য নির্ধারণ করা হয়।
তাই মুসলিম বিশ্বে পবিত্র এ রাতটি সৌভাগ্য রজনি হিসেবে পালিত হয়ে থাকে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও মহান আল্লাহর রহমত, বরকত ও সন্তুষ্টিলাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করে থাকেন। পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে তিনি পবিত্র শবেবরাতকে আল্লাহর রহমত লাভের এক অসাধারণ সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘মহিমান্বিত এই রাতে আমরা ইবাদত-বন্দেগি, দান-সদকার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা এবং গুনাহ থেকে পরিশুদ্ধ হওয়ার প্রচেষ্টার মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফিরাত।’ পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ-দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শবেবরাত শব্দটি ফারসি থেকে বাংলায় এসেছে। ফারসিতে শব অর্থ রাত। বরাত অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে ‘লাইলাতুল মুবারাকা’। হাদিস শরিফে রাতটিকে ‘লাইলাতুল নিসফে শাবান’ বা শাবান মাসের অর্ধাংশের দিবাগত রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ১৪ শাবান দিবাগত রাতটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। হাদিসের বর্ণনামতে মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর অনুগ্রহলাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন।
0 Comments
Your Comment