বরিশালের উজিরপুরের ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল ও একজনকে নির্যাতনের ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দুই নারী কর্মচারীকে প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন উপজেলার শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তার। এ ছাড়া ভূমি অফিসের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত গাড়িচালক রাসেল মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এ ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। সম্প্রতি দুই কর্মচারীর ঘুষ লেনদেনের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘুষ লেনদেনের ভিডিও ধারণ করার অভিযোগে এক ব্যবসায়ীকে আটকে মারধর ও হুমকি দেন গাড়িচালক রাসেল মৃধা। ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ভিডিও ভাইরালের পর দুই কর্মচারীকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, গাড়িচালকের পদটি অস্থায়ী চুক্তিভিত্তিক। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment