দুই সপ্তাহে ১৬ লাখের বেশি ইয়াবা জব্দ, গ্রেফতার ১৪৬

চলতি বছরের ১১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের অভিযানে ৮১টি আগ্নেয়াস্ত্র, ৫১৫ রাউন্ড গুলি ও কার্তুজ এবং ১৬ লাখ ৪১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসব অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ৮১টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১৪৬ জনকে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ১১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।


ইয়াবার পাশাপাশি পুলিশের অভিযানে হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশি মদ, গাঁজা এবং ট্যাপেন্ডালও জব্দ করা হয়েছে।


জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৩ কেজি ৭৭৩ গ্রাম হেরোইন, ৪ হাজার ৫৭ বোতল ফেনসিডিল, ২ হাজার ৮৪২ বোতল ও ৭৪২ লিটার বিদেশি মদ, ৭২০ বোতল ও ৫ হাজার ৩১১ লিটার দেশি মদ, ২ হাজার ১৯০ কেজি ৮৩৪ গ্রাম গাঁজা এবং ৬২ হাজার ৩০৬টি ট্যাপেন্ডাল ট্যাবলেট।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।


ঢাকায় পৃথক অভিযানে ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসব অভিযানে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।


অন্যদিকে, চট্টগ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি পিস্তল ও একটি এলজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।


চট্টগ্রামে আরেকটি অভিযানে ৩ লাখ ২৬ হাজার ৩২০ পিস ইয়াবা ও ১৬০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়জনকে।


অবৈধ অস্ত্র জব্দ, মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

0 Comments

Your Comment