পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মাণ করছে খুলনা শিপইয়ার্ড। এর দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১১০০ টন ও ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩.৮ মাইল। টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং, জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত হবে। টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম। পাশাপাশি টাগবোটটি রেসকিউ অপারেশন, আন্ডার ওয়াটার সার্ভে ও স্যালভেজ কার্যক্রম ও প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও ব্যবহার করা যাবে। টিয়াখালী-৪ দেশের জাহাজনির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে উচ্চপ্রযুক্তিনির্ভর জাহাজ ও টাগবোট নির্মাণের ক্ষেত্রে আরও একটি মাইলফলক। গতকাল খুলনা শিপইয়ার্ডে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আবদুল লতিফ আনুষ্ঠানিকভাবে টাগবোটটির লঞ্চিং করেন। অনুষ্ঠানে পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির অধিক নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির অধিক জাহাজ মেরামতের অভিজ্ঞতা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট নির্মাণ দেশীয় জাহাজনির্মাণ শিল্পের কারিগরি উৎকর্ষ, জাহাজনির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। টাগবোটটি পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তা প্রদানের পাশাপাশি সামুদ্রিক অবকাঠামো ও ব্লু ইকোনমিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment