সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় আসছে আগামী শুক্রবার (২৩ অক্টোবর)। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) রিয়াদের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে ইউএস বাংলা ফ্লাইট নম্বর BS 362-যোগে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহের ফ্লাইটটি রওনা হবে। ফ্লাইটটি আগামী শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকায় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।
এছাড়া, মৃতের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি থেকে মৃতের বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭,৩৯৫.৬২ সৌদি রিয়াল (সমপরিমাণ প্রায় ৯ লাখ টাকা) রিয়াদ দূতাবাসের একাউন্টে জমা হয়েছে। এই অর্থ অতি শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে মৃতের পরিবারের নিকট বিতরণ করা হবে।
শাহেদের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর থানার মাদলা গ্রামে। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম।
গত ১০ অক্টোবর বিকালে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় যে ১৩ জনের প্রাণ গেছে, তাদেরই একজন শাহেদ। তিনি ছাড়াও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরিও ওই হামলায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ বাংলাদেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।