ক্রেতার তুলনায় ইলিশ কম
৮ অক্টোবর শুরু হচ্ছে মা ইলিশ প্রজনন মৌসুম। যা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে এই ২২ দিন নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। সেই সিদ্ধান্ত কার্যকরের আগেই চাঁদপুর ইলিশ ঘাটে হতাশার ছবি দেখা যাচ্ছে। ক্রেতার তুলনায় মাছের সরবরাহ অনেকটাই কম। যার ফলে প্রতি কেজি মাছে দাম বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। জেলার বাসিন্দারা বলছেন, চাঁদপুরে মৎস্য অবতরণ কেন্দ্র থাকলেও এ জেলায় ইলিশ মাছ খেতে হয় নোয়াখালী-হাতিয়া এলাকার। অভিযান যতই এগিয়ে আসছে, ততই সরবরাহ কমে মাছের চাহিদা বাড়ছে এবং দাম বেড়েই চলছে। মৎস্য ব্যবসায়ীদের ভাষ্য, বর্তমানে ‘বীণা’ থাকার কারণে জেলেরা নদীতে অবস্থান করছেন। এর আগের বীণায় কিছুটা মাছ পড়লেও কয়েক দিন ধরে জেলেরা নদীতে মাছ না পাওয়ায় ঘাটে মাছ আনতে পারছেন না। গতকাল দুপুরে সরেজমিন চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা যায়, ছোটবড় ইলিশ মিলে মাছের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি। মাছ কম থাকায় প্রতি কেজিতে দাম বেড়ে গেছে ৪০০ থেকে ৫০০ টাকা। বৃহস্পতি ও শুক্রবার ৩০০-৪০০ গ্রামের ইলিশ ১৬ থেকে ১৭ হাজার টাকায় বেচাকেনা হলেও গতকাল ২৭ হাজার টাকা মণ বিক্রি হয়েছে। এ ছাড়া ১ কেজি ইলিশ আগে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হলেও গতকাল ২ হাজার ৩০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
ইলিশ ঘাটের মাছ বিক্রেতা নান্টু হাওলাদার বলেন, বিভিন্ন জায়গায় ঘাট হয়ে গেছে, আমাদের নদীতে মাছ নেই। বালু কাটার কারণে বিভিন্ন স্থানে চর পড়ে গেছে। চরের কারণে স্রোত হয় না, স্রোত না থাকায় জেলেরা মাছ পায় না। ঘাটে ইলিশ কিনতে আসা জিসান হাওলাদার বলেন, সামনে মাছের অভিযান, মাছের দাম কিছুটা কমবে বলে পরিবারের সদস্যদের নিয়ে মাছ কিনতে এসেছি। ঘাটে এসে দেখি প্রচুর মানুষের ভিড়, কিন্তু মানুষের তুলনায় মাছ নেই, দামও অনেক বেশি। মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত সরকার বলেন, চলতি বছর তেমন ইলিশ মাছ পাওয়া যায়নি। মাছ কেনাবেচা ও ধরার আরও তিন দিন বাকি থাকলেও ক্রেতারা কম দামে কিনবে বলে আসছেন। কিন্তু ঘাটে এসে অনেকেই মাছ কম দামে কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এ বছর জেলেরা কমবেশি ইলিশ পেয়েছেন, তবে বড় আকারের ইলিশ বেশি পাওয়া গেছে। বিগত দিনে অভিযানগুলো সফল হওয়ায় জেলেরা এখন লাভবান হচ্ছেন। সামনের ২২ দিনের মা ইলিশ প্রজনন রক্ষা হলে এর সুফল এখানকার জেলেরাই পাবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।