মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে ধীরগতি আসতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক রেমিট্যান্স প্রতিবেদনে এ আশঙ্কা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে ইতোমধ্যে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সার ও সালফারের দাম বেড়েছে। কারণ, ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে, যার মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং এক-তৃতীয়াংশ সারের চালান পরিবাহিত হয়। সংকটের প্রভাব ইতোমধ্যে বিমান চলাচলেও পড়েছে। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে প্রবাসী শ্রমিকদের। বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০২৫ অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৬ লাখ বাংলাদেশি বিদেশে কর্মসংস্থান পেয়েছেন। এর মধ্যে ৪৮ শতাংশ কর্মসংস্থান হয়েছে সৌদি আরবে। সামগ্রিকভাবে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মোট বিদেশগামী শ্রমিকের ৭৫ শতাংশ কাজ করে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ যে ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে, তার প্রায় অর্ধেকই এসেছে এই অঞ্চল থেকে।
0 Comments
Your Comment