মোংলায় ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের লংটেং
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট। এ লক্ষ্যে গতকাল বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং লংটেং গার্মেন্ট কোম্পানির চেয়ারম্যান লি কিয়াংকিয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। জানা যায়, চীনা প্রতিষ্ঠানটি ১৬ হাজার ৪২৬.৩৭ বর্গমিটার জমিতে করা কারখানায় বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদন করবে। এসব পণ্য এয়ারি, ক্যালভিন ক্লেইন, জারা, ফ্লোরেন্স অ্যান্ড ফ্রেড (টেসকো), এএসওএস ও প্রাইমার্কের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্য রপ্তানির উদ্দেশ্যে তৈরি করা হবে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ক্রেতাদের মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম, ওয়ালমার্ট, এমঅ্যান্ডএস, গ্যাপ ইত্যাদি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, আলজেরিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চিলি, মেক্সিকো, ইরাক, জাপান, কানাডাসহ বিশ্বের বিভিন্ন বাজারে পণ্য রপ্তানির পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটিতে ৩ হাজার ৫ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানানো হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।