ভোক্তা পর্যায়ে বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বেড়ে এক হাজার ৭২৮ টাকা হয়েছে। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের ১২ কেজির প্রতি সিলিন্ডারে অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে। বৃহস্পতিবার বিকাল তিনটায় বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা এবং ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২২ কেজি সিলিন্ডার ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৪২৮ টাকা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
0 Comments
Your Comment