নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি নৃত্যশিল্পীদের

২০২৬ সালে নৃত্যকলা শাখায় একুশে পদক পুনর্বিবেচনার দাবিতে সোচ্চার দেশের ১০০ নৃত্যশিল্পী। ‌‌‘প্রশ্নবিদ্ধ’ পুরস্কারটি বাতিলের পাশাপাশি যোগ্য নৃত্যশিল্পীকে পুরস্কার প্রদানের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিভিন্ন প্রজন্মের নৃত্যশিল্পীরা। এতে বক্তৃতা করেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হক, শারমিন হোসাইন, মাহফুজুর রহমান, সেলিনা হক, নীলুফার ওয়াহিদ পাপড়ি, তামান্না রহমান, বেনজীর সালাম, আনিসুল ইসলাম হিরু, ফারহানা চৌধুরী বেবি, মেহবুবা মাহনুর চাঁদনী প্রমুখ। তারা বলেন, নৃত্যকলা শাখায় এবারের পুরস্কারটিতে স্বচ্ছতার অভাব রয়েছে। এই পুরস্কারে স্বজনপ্রীতি করে যোগ্যদেরকে বঞ্চিত করা হয়েছে। নৃত্যকলায় একুশে পদক প্রদান শিল্প-সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হলেও এবারের একুশে পদকের ক্ষেত্রে নৃত্যকলা শাখায় যোগ্য শিল্পীকে মনোনীত করা হয়নি। যার কারণে নৃত্যাঙ্গনের গুণী শিল্পীরা ক্ষুব্ধ। যাচাই-বাছাই করে শিগগিরই নতুন করে পুরস্কারের জন্য মনোনীত শিল্পীর নাম ঘোষণার আহ্বান জানান নৃত্যশিল্পীরা। যোগ্যদের পুরস্কার প্রদানের লক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনটি দাবি উত্থাপন করেন শিল্পীরা। সেগুলো হলো- ২০২৬ সালে নৃত্যকলায় ঘোষিত মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা, নৃত্যাঙ্গনের অভিজ্ঞ ও স্বীকৃত প্রবীণ ব্যক্তিত্বদের মতামত গ্রহণ এবং একটি স্বচ্ছ, ন্যায্য ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন পদ্ধতি নিশ্চিতকরণ।

0 Comments

Your Comment