পাকিস্তানি নায়িকা নয়, শাকিবের বিপরীতে ফের জুটি বাঁধছেন সাবিলা

আসন্ন ঈদুল আজহার মেগা প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র এই খবর নিশ্চিত করেছে। এর আগে এই জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল, সেই হিসেবে এটি শাকিব-সাবিলার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে। পরিচালক আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। এমনকি কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে বলেও জোর আলোচনা ছিল। তবে পরিচালক শুরু থেকেই দেশি গল্পের সিনেমায় দেশি নায়িকার ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন। জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতা ও পেশাদারত্বের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি হবে একটি পিওর রোমান্টিক মিউজিক্যাল ঘরানার গল্প, যেখানে মারপিট বা অ্যাকশনের চেয়ে আবেগ ও গানের প্রাধান্য বেশি থাকবে। আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং হবে ঢাকায়। শাকিব-সাবিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news