এক নেতার আশীর্বাদ পেতে দুই কর্মীর প্রতিযোগিতা এবং তাদের মধ্যে দ্বন্দ্বের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ঢাকা ২৬’। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্বাচন ঘিরে প্রচার হবে নাটকটি। নাটকের চিত্রনাট্যে দেখাবে, একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মী; তাদের মধ্যে কে নেতার কাছের মানুষ হবে, কে নেতাকে নিজের কর্মক্ষমতা দেখাবে, সেটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা রূপ নেয় দ্বন্দ্বে। এর মধ্যে তাদের জীবনে আসে এক নারী, যাকে দুজনেই ভালোবাসে ফেলেন। আর এই নিয়ে শুরু হয় নতুন জটিলতা। এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে হয় স্বয়ং নেতাকে। কিন্তু তিনি নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। এই দুই কর্মীর শেষ পরিণতি কী হয় সেই গল্পেই এগিয়ে যাবে নাটকটি। নির্মাতা ইশতিয়াক আহমেদ বলেন, চারদিকে ভেসে বেড়াচ্ছে রাজনীতির নানান গল্প। এমনই এক রাজনৈতিক প্রেক্ষাপটকে হাস্যরসে তুলে ধরা হয়েছে নাটকে। আশা করছি দর্শকের পছন্দ হবে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন আকাশ রহমান, অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক মানুষ। নাটকটি নিয়ে অ্যালেন শুভ্র বলেন, রাজনৈতিক গল্প আমাকে সবসময়ই টানে। এই গল্পটিও টেনে নেওয়ার। দর্শকদেরও টানবে। তাসনুভা তিশা বলেন, নাটকের গল্পটি খুবই সমসাময়িক এবং প্রাসঙ্গিক। কাজ করে ভালো লেগেছে। গেল জানুয়ারির শেষদিকে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ হয়েছে নাটকটির। নির্মাতা ইশতিয়াক জানিয়েছেন, নাটকটি ইউটিউব চ্যানেল 'এটিভি ইউএস' এ শিগগিরই প্রচার হবে।
0 Comments
Your Comment