ধাওয়া দিয়ে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুরে গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ধাওয়া দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) রাতে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে পালিয়ে যায়।


আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি আশঙ্কায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব এবং চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।


শাকিলের ভাষ্য, রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড় দিলে পেছন থেকে ধাওয়া করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে তাকে কুপিয়ে জখম করা হয়।


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ ঘটনাটির নিন্দা জানিয়ে অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news