কলাবাগানে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী কারাগারে

রাজধানীর কলাবাগান এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ওই ব্যক্তি চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা শেষে বাসায় পাঠানো হয়েছে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, শুক্রবার কলাবাগান এলাকার নর্থ সার্কুলার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে ফজলে আশিক বলেন, অভিযুক্ত ব্যক্তি তার ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করেন। ভুক্তভোগী শিশুটি তার প্রতিবেশীর সন্তান। ঘটনার রাতে শিশুটি বাসার সামনে খেলছিল। এ সময় তিনি শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে ওই ব্যক্তি দরজা খুলে দেন। এরপর আশপাশের মানুষ বিষয়টি বুঝতে পারে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় খবর দেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news