কালকিনিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর মা বাদী হয়ে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে ঘটেছে। অভিযোগের পর থেকে অভিযুক্ত মো. আলিউল্লাহ (৫৮) এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, আলিউল্লাহর ছেলে মো. রাসেল সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলার এক নারীকে বিয়ে করেন। চাকরির কারণে রাসেল বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে শ্বশুর আলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ। ভুক্তভোগী পরিবারের দাবি, গত বৃহস্পতিবার রাতে পুত্রবধূ ঘরে একা থাকাকালে আলিউল্লাহ তার কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগীর মা বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার শ্বশুর বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কয়েকবার ধর্ষণের চেষ্টাও করেছে। ঘটনার পর মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে তিনি জানান, মেয়ের সংসারের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবার বিষয়টি নিয়ে আলোচনাও করছে। এ বিষয়ে অভিযুক্ত আলিউল্লাহর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news