কুড়িগ্রামে ২১৫০ কেজি অবৈধ মজুদ সার উদ্ধার, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করা ২ হাজার ১৫০ কেজি ইউরিয়া ও ডিএপি সার উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এর আগে, বুধবার রাতে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক। অভিযান সূত্রে ও পুলিশ জানায়, সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বেলাল মিয়া ও মানিক উদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে ৪২ বস্তায় ১ হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার উদ্ধার করা হয়। মোবাইল কোর্টে অভিযুক্ত দুই ব্যক্তির কাছ থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে ভূরুঙ্গামারী সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যাতে অবৈধ সুবিধা নিতে না পারে, সে জন্য ভুরুঙ্গামারী থানা পুলিশ সার বিতরণ ব্যবস্থায় কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news