খুলনায় শ্রমিক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা, গ্রেপ্তার ১

খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত নয়টার দিকে ডাকবাংলা মোড়ের বাটা দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে ডাকবাংলা মোড়ে যান মাসুম বিল্লাহ। এ সময় ৬–৭ জন সশস্ত্র ব্যক্তি তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ জনতার সহায়তায় একজনকে আটক করে। গুলিবিদ্ধ অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁকে হত্যার জন্য একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের ৬–৭ জনকে ভাড়া করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে তাঁকে হত্যা করে। জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত মাসুম বিল্লাহ ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের অভিযানে নিহত নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের সহোদর।

0 Comments

Your Comment