চাঁদার দাবিতে এবার প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামে এবার ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় রুনা টাওয়ার নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির মালিক প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ। তিনি স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের শ্বশুর। সিএমপির পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, হামজারবাগ এলাকায় একটি ভবনের গেট লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভবনটির মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ঘটনায় তারা মামলা করার কথা জানিয়েছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভবনের দারোয়ান মো. আলমগীর বলেন, রবিবার দুপুরে ভবনের মালিকের ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি মোবাইল নম্বর থেকে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে ভয়েস মেসেজ পাঠানো হয়। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় ওই ভয়েস মেসেজে। তিনি বলেন, সোমবার রাতে দুই যুবক এসে ভবনের গেট বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তারা গেট লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই দুই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা জানান, গুলির ঘটনার পর আতঙ্কে রয়েছে প্রবাসী ব্যবসায়ী ইউসুফের পরিবার। মঙ্গলবার সকালে ইউসুফের পরিবারের সদস্যরা পাশের এক আত্মীয়ের বাসায় চলে যান। বর্তমানে তার ফ্ল্যাট তালাবদ্ধ রয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news