চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মুদি দোকানদারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নিহতের মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি নিহতের ছোট ভাই এখনও পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে পারিবারিক কলহের একপর্যায়ে ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনের কোদালের আঘাতে নিহত হন বড় ভাই মো. নেজাম উদ্দিন (৩৮)। তিনি বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা ঘোষখীল গ্রামের আছাদ তালুকদার বাড়ির মৃত আবদুল হালিমের ছেলে।
ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাতে নিহতের স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দেবর মো. জামাল উদ্দিন সুমন (৩৬), শাশুড়ি হালিমা বেগম (৭০) এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপি (২৬)-কে আসামি করা হয়।
মামলার পর পুলিশ হালিমা বেগম ও সানজিদা আক্তার পপিকে গ্রেপ্তার করে। তারা মামলার এজাহারভুক্ত আসামি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক বিরোধের জেরে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক প্রধান আসামি মো. জামাল উদ্দিন সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
0 Comments
Your Comment