রাজধানীতে কিশোরী স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগ পাইক রোডের একটি ভাড়া বাসা থেকে লাকি আক্তার নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তার স্বামী সজিব পলাতক রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ জানান, মঙ্গলবার বিকেলে ওই বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাকির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্ত সজিব পেশায় লেগুনা চালক। প্রায় এক মাস আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ওঠেন। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্বামী সজিব গলা কেটে লাকিকে হত্যা করে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত লাকি ভোলা সদর উপজেলার রতনপুর গ্রামের হারুনুর রশীদের মেয়ে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news