লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মা ও তাঁর দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন— শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহিনুরের মেঝো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তার (১৭)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় তাকেও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে পুলিশের ৬ থেকে ৭ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘদিন ধরে রায়পুর শহরের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
0 Comments
Your Comment