ঢাকার সাভারে মোবাইল ফোনের চার্জার খোঁজাকে কেন্দ্র করে কলহের জেরে ছেলের আঘাতে মহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোরে তেঁতুলঝোড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে জিসানকে আটক করেছে পুলিশ।
নিহত মহিন মিয়া সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে মহিন তার ছেলে কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিল। তবে ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানান। চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে বকাঝকা করেন। পরে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারধরের জন্য টেস্টার হাতে নেন। একপর্যায়ে জিসান তার বাবার স্পর্শকাতর অঙ্গ চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান জানান, খবর পেয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছেলে জিসানকে আটক করা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
0 Comments
Your Comment