মাগুরার শ্রীপুর উপজেলায় পারিবারিক স্বামীর মারধরে গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ৭ নম্বর সব্দালপুর ইউনিয়নের কাজলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সামেলা বেগম (৫০) কাজলী গ্রামের সাহেব আলী জোয়ার্দারের স্ত্রী। অভিযুক্ত সাহেব আলী জোয়ার্দার (৫৫) একই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে প্রতিবেশী রোমেলের বাড়ি থেকে গরুর খাবারের খড় আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সাহেব আলী জোয়ার্দার তার স্ত্রী সামেলা বেগমকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে সামেলা বেগম মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টার দিকে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে স্বামীর নির্যাতনের পর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। মরদেহ বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments
Your Comment