৫০০ টাকার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫০০ টাকার লোভ দেখিয়ে ছয় বছরের একটি মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে (৫২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে বাড়ির পাশে ৩ থেকে ৪ জন শিশু খেলছিল। এ সময় স্থানীয় ছাত্তার পাটোয়ারী (৫২) নামে এক ব্যবসায়ী ওই শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিক স্বজনদের খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করার চেষ্টা করলে ছাত্তার পাটোয়ারী দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। এ বিষয়ে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর জব্বার বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় শিশুটির জেঠা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মেয়ে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news