চবিতে মধ্যরাতে ছাত্রদলের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য সম্পাদক আফনান হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ এফ রহমান হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের নেতারা।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, চাকসুর স্বাস্থ্য সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এছাড়াও শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, চাকসুর নামে চট্টগ্রাম শহরের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি করা হচ্ছে। তিনি চাকসুর স্বাস্থ্য সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনও চাকসুর কার্যক্রমের সমালোচনা করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে চাকসুর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এদিকে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন চাকসুর স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান।
একইসঙ্গে জামায়াতে ইসলামী থেকে তাকে বহিষ্কারের খবরও অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির।
চাকসুর স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সঙ্গে জড়িত এবং এখানকারই সদস্য। জামায়াতের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই।
নুরুল কবির বলেন, শিবিরের কাউকে জামায়াত কীভাবে বহিষ্কার করতে পারে? যেটা ছড়িয়েছে, এটা সত্য নয়।
এদিকে পরীক্ষার মৌসুমে মধ্যরাতে আবাসিক হলের সামনে বিক্ষোভ ও সমাবেশ করায় ক্ষোভ জানিয়েছেন হলের কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীদের পড়াশোনা, ঘুম ও বিশ্রামে বিঘ্ন ঘটে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।