ছুটির দিনেও বিক্ষোভে শিক্ষার্থীরা
উপাচার্য নিয়োগ ইস্যুতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ঘোষিত শাটডাউন কর্মসূচির ১১তম দিন অতিবাহিত হয়েছে। গতকালও (শুক্রবার) জুমার নামাজ শেষে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। পরে ২১ সেপ্টেম্বর তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সর্বাত্মক শাটডাউন কর্মসূচি।
এদিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। গত বৃহস্পতিবারও উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
একই দিন শিক্ষার্থীরা প্রতিবাদী কনসার্ট ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। সব মিলিয়ে আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।