আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাসুমের বড় লাফ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে বাংলাদেশ হারলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি করেছেন কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। সিরিজে প্রথম ম্যাচে না খেললেও পরের দুই ম্যাচে নাসুম নেন ৩টি উইকেট। মাত্র ৫.২৮ ইকোনমিতে বল করে তিনি র‌্যাঙ্কিংয়ে এক লাফে ২৭ ধাপ এগিয়ে এখন উঠে এসেছেন ১১ নম্বরে। ক্যারিয়ারে এর আগে তিনি শীর্ষ দশেও জায়গা করে নিয়েছিলেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের উন্নতি দেখা গেছে। সাইফ হাসান ১৩ ধাপ এগিয়ে এখন আছেন ৩৫ নম্বরে। তিন ম্যাচে তার ইনিংস ছিল ২০, ৪২ ও ১ রান। তাওহিদ হৃদয় ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৩০ নম্বরে। তিনি ৩৫ ও ৬১ রানের দুটি ইনিংস খেললেও প্রথম ম্যাচে আউট হন ৮ রানে। অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তানজিদ হাসান, যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি দুই ধাপ পিছিয়ে এখন ২৯ নম্বরে নেমেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ৯ নম্বরে। শেষ ম্যাচে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। বোলারদের র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার ন্যাথান এলিস তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে এখন সাতে অবস্থান করছেন। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমেছেন। এছাড়া বাংলাদেশের টেস্ট না থাকলেও সামগ্রিক পারফরম্যান্সের প্রভাবে মুশফিকুর রহিম এক ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে রয়েছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news