জাতীয় দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে টেস্ট ক্রিকেট যারা খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। ফাহিম বলেন, ক্রিকেটারদের স্যালারি বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে, অন্যদের তুলনায় তাদের স্যালারি বাড়ানোর হার বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেন্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটি এখন বলতে চাই না। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, গত বছরের মার্চে তিন ফরম্যাটের পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির কারণে জাতীয় দলের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হচ্ছে। তিন ফরম্যাটেই ভালো ক্রিকেট উপহার দিতে পারেননি নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। তারপরও ক্রিকেটারদের বেতন বাড়ছে। নাজমুল আবেদিন ফাহিম জানান, যারা শুধু টেস্ট খেলেন তাদের আয়ের সুযোগ কম। তারা একাধিক ফরম্যাট খেলেন না, যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।