পিএসএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ-শরিফুলরা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার দল পেয়েছেন বাংলাদেশের পাচ তারকা ক্রিকেটার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে তারা বিসিবির এনওসি (অনাপত্তি) পাবেন কি না, পেলেও তা কতদিনের জন্য সেই আলোচনা ছিল। অবশেষে জানা গেছে, পাঁচ ক্রিকেটারকেই এনওসি দিয়েছে বিসিবি। তারা লিগটিতে খেলতে পারবেন ১২ এপ্রিল পর্যন্ত। এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সবশেষ দিন দুয়েক আগে পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে। এ ছাড়া পারভেজ ইমন মুস্তাফিজের সঙ্গে লাহোর এবং রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) জার্সি গায়ে তুলবেন। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ জয়ের পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা নেই। তাই ক্রিকেটাররা ঈদের ছুটিতে আছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তার আগেই পাকিস্তান থেকে ফিরতে হবে মুস্তাফিজ-রিশাদদের। ৫ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছেন, সবারই এনওসি মঞ্জুর হয়েছে। তবে নিউজিল্যান্ড সিরিজ থাকায় নিদিষ্ট সময়ের (১২ এপ্রিল পর্যন্ত) জন্য তারা ছাড়পত্র পেয়েছেন। দিন দুয়েক আগে এ বিষয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। ওই সময় ফাহিম বলেন, ‘চেষ্টা থাকবে আমাদের এখানে যাদের প্রয়োজন, ওয়ানডেতে আমরা স্বাভাবিকভাবেই কোনো ধরনের আপস করব না। আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার টি-টোয়েন্টিতে উন্নতির জন্য ভালো হবে এবং একইসঙ্গে তার বিকল্পও আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব।’

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news