দুই বছর আগে হংকংয়ের মং ককে নারী রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। নারী রাইজিং স্টারসের প্রথম আসর ছিল সেটা। ফাইনালে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। দুই বছর পর দুই প্রতিবেশীর ‘এ’ দল পুনরায় মুখোমুখি হচ্ছে নারী রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে। দুই বছর আগে লতা মণ্ডলের নেতৃত্বে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ কি ফাইনালে হারের প্রতিশোধ নিতে পারবে? পারবে কি চ্যাম্পিয়ন হতে? ফাহিমার নেতৃত্বে বাংলাদেশ গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে। গ্রুপ পর্বে ফাহিমা বাহিনী ৪ রানে শ্রীলঙ্কাকে, ৩ উইকেটে থাইল্যান্ডকে এবং ৯০ রানে হারিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালে পাকিস্তানকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ১১০ রান করেও জিতেছে ৫৪ রানের বড় ব্যবধানে। ওই ম্যাচে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্স করেছেন নারী দলের অধিনায়ক ফাহিমা খাতুন। লেগ স্পিন অলরাউন্ডার ফাহিমা প্রথম ব্যাটিংয়ে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর বল হাতে ৩ ওভারে মিতব্যয়ী বোলিং করে ৬ রানের খরচে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন। প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশ ‘এ’ ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করে। জবাবে সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমার ঘূর্ণিতে পাকিস্তান ‘এ’ ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয়। মেঘলা ৩ উইকেট নেন। ভারত ‘এ’ দল ফাইনালে উঠেছে অধিনায়ক রাধা যাদবের অলরাউন্ডিং পারফরম্যান্সে। রাধার অলরাউন্ডিং পারফরম্যান্সে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ উইকেটে হারায়। প্রথম ব্যাটিংয়ে শ্রীলঙ্কা ১১৮ রান করে। ১১৯ রানের টার্গেটে ভারত ৩৯ বল হাতে রেখে জয় তুলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ভারত। রাধা প্রথমে বোলিংয়ে ১৯ রানে ৪ উইকেট ও ব্যাটিংয়ে ১৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন। আসরে বাংলাদেশ টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। এবারের আসরে এখন পর্যন্ত টানা চার ম্যাচ জিতে অপরাজিত রয়েছে ফাহিমা বাহিনী। ভারত গ্রুপ পর্বে হেরেছিল ৭ উইকেটে সংযুক্ত আরব আমিরাতের কাছে। আগামী জুনে ইংল্যান্ডে বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। বাছাইপর্ব টপকে বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি এবং চূড়ান্ত স্কোয়াড বাছাই করতেই জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে দল গঠন করে বিসিবি। অথচ অপরাপর দলগুলো তাদের স্কোয়াড গঠন করেছে জাতীয় দলের পাইপ লাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে।
0 Comments
Your Comment