বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে খেলতে আপত্তি জানানোয় আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ সরে দাঁড়ানোর পর থেকেই ইডেন গার্ডেন্সে দর্শকখরার আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি প্রায় মুখ থুবড়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, টিকিট কাউন্টারগুলোতে দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো নয়। টিকিটের লাইনে চার-পাঁচজনের বেশি মানুষ দেখা যাচ্ছে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট বিক্রির স্টলগুলোতেও হাতে গোনা কয়েকজন ছাড়া কাউকে দেখা যায়নি। ইডেন গার্ডেন্সে মোট দর্শক আসন রয়েছে প্রায় ৬৫ হাজার। অথচ এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭টি। স্কটল্যান্ড-ইতালি ম্যাচে বিক্রি হয়েছে মাত্র ৩৪৮টি টিকিট। ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে দর্শক টেনেছে ২ হাজার ৭৫টি টিকিট, আর ইংল্যান্ড-ইতালি ম্যাচে বিক্রি হয়েছে ৪ হাজার ৯৭০টি টিকিট। ওয়েস্ট ইন্ডিজ-ইতালি ম্যাচের টিকিট কিনেছেন এখন পর্যন্ত ১ হাজার ২৪৮ জন দর্শক। এদিকে সুপার এইট ও সেমিফাইনাল পর্ব মিলিয়ে মোট ৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে ভারতের কোনো ম্যাচ না থাকায় ইডেনের ম্যাচগুলোর প্রতি আগ্রহ আরও কমে গেছে বলে মনে করছেন অনেকেই। তাদের মতে, বাংলাদেশ না থাকায় যে দর্শক আগ্রহ তৈরি হয়েছিল, সেটিও একপ্রকার হারিয়ে গেছে। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র আর্থিক ক্ষতি হচ্ছে না বলেই জানা গেছে। ম্যাচ আয়োজন বাবদ যে অর্থ তারা পাচ্ছে, তাতেই ব্যয় মিটে যাচ্ছে। ফলে মাঠে দর্শক টানতে বাড়তি কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বিশ্বকাপ ঘিরে শহরজুড়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তেমন উন্মাদনাও দেখা যাচ্ছে না। বরং ঘরোয়া লিগের ম্যাচ নিয়েই বেশি আলোচনা চলছে। আজই কলকাতায় পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দলের। শুক্রবার অনুশীলনের পর আগামী রোববার ম্যাচ খেলতে নামবেন শাই হোপের দল। প্রথম ম্যাচেই স্কটল্যান্ড কোনো চমক দেখাতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news