ভারতের বিপক্ষে গল টেস্টে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেয়েছেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার দিনেশ চান্ডিমাল। দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাঠ থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভারতের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে লোকেশ রাহুলের একটি শট ঠেকাতে ডিপ মিডউইকেট থেকে ডিপ স্কয়ার লেগের দিকে ছুটে যান চান্ডিমাল। বাউন্ডারি পার হওয়ার আগেই বল থামিয়ে দুই রান বাঁচান তিনি। তবে বল ঠেকাতে গিয়ে নিজেকে ছুড়ে দেওয়ার পর বেকায়দায় পড়ে যান এই অভিজ্ঞ ক্রিকেটার।
মাটিতে পড়ার সময় তার কাঁধে সজোরে আঘাত লাগে এবং পা উল্টে যায়। একপর্যায়ে তার ঘাড় ও কাঁধ শরীরের নিচে বেঁকে যায়। বাউন্ডারির ওপারে পড়ে থাকা চান্ডিমালের কাছে দ্রুত ছুটে যান সতীর্থ, দলের ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসকরা।
কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও বারবার ঘাড়, কাঁধ ও মাথায় হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। সতর্কতার সঙ্গে মাঠ ছাড়েন চান্ডিমাল এবং তাকে হাসপাতালে নেওয়া হয় স্ক্যান করানোর জন্য।
তার বদলি হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা। স্ক্যানে ঘাড়ে গুরুতর চোট ধরা পড়লে গল টেস্টের বাকি সময়ে চান্ডিমালের জায়গায় কনকাশন সাব হিসেবে সুরিয়াবান্দারাকে খেলানো হতে পারে। স্কোয়াডে অতিরিক্ত টপ অর্ডার ব্যাটার হিসেবে আছেন তিনি।
এর আগে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতেও হতাশ করেছেন চান্ডিমাল। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৮৪ রানে।
ফলে ১৭৮ রানের লিড নিয়ে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। সেই ইনিংসের শুরুতেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান চান্ডিমাল।
0 Comments
Your Comment