শরিফুলকে বাংলায় স্বাগত জানাল পেশোয়ার জালমি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলাম প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ–হাতি এই পেসারকে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নিজেদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিটি। পোস্টে শরিফুলের ছবি দিয়ে তারা লিখেছে, ‘দ্য ইয়োলো (জার্সি) স্টর্ম তোমাকে পেয়ে আরও শক্তিশালী হলো। বাংলাদেশ এক্সপ্রেস এই বাঁ-হাতি পেসার হলুদ জার্সিতে পাকিস্তান সুপার লিগ মাতাতে প্রস্তুত। গতি, স্ট্রাইক ও ঝড়ের শক্তি–তোমাকে জালমি পরিবারে স্বাগতম।’ শরিফুলকে স্বাগত জানানোর অংশটি বাংলায় (ইংরেজি ভাষায়) লিখেছে পেশোয়ার। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। মুস্তাফিজের সঙ্গে লাহোরের জার্সি গায়ে জড়াবেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। এছাড়া রিশাদ হোসেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) এবং পেশোয়ারের হয়ে খেলবেন শরিফুল ও নাহিদ রানা। ২৬ মার্চ পিএসএলের উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়রাবাদ হিউস্টন। অর্থাৎ, আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজ-ইমনের। অন্যদিকে, ২৮ মার্চ প্রথম ম্যাচ রয়েছে রিশাদ, রানা ও শরিফুলের। তিনজনই একাদশে থাকলে ওই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে নামবেন। অর্থাৎ, রানা-শরিফুলের পেশোয়ার জালমি লড়বে রিশাদের রাওয়ালপিন্ডির বিপক্ষে। একইভাবে মুস্তাফিজ-ইমনের লাহোর কালান্দার্সের বিপক্ষেও ম্যাচ রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডির। ফলে বাংলাদেশ জাতীয় দলের সতীর্থদের মুখোমুখি লড়তে হতে পারে এবারের পিএসএলে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন শরিফুল। চট্টগ্রাম রয়্যালসর হয়ে খেলতে নেমে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পুরো আসরে ১২ ইনিংসে মাত্র ৫.৮৪ ইকোনমি রেটে ২৬ উইকেট শিকার করেন এই পেসার। এতে তিনি বিপিএলের গত মৌসুমের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news