নিরাপত্তা শঙ্কার কারণে চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির জেরে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। এতে আশঙ্কা তৈরি হয়েছিল, পরবর্তী আসরে হয়তো বাছাইপর্ব খেলতে হতে পারে তাদের। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলকে এক সুখবর দিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ। আইসিসির নির্ধারিত বাছাই নীতিমালা অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ৮ দল, স্বাগতিক ২ দল এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও ২ দল সরাসরি জায়গা পাবে ২০২৮ আসরে। সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড দল সুপার এইটে ওঠায়, র্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সে তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০-১১-১২তম দল হিসেবে এই তিন দেশই সুযোগ পাবে বিশ্বকাপে। এর বাইরে বাকি ৮ দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে ১টি, ইউরোপ অঞ্চল থেকে ২টি, আফ্রিকা অঞ্চল থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।
0 Comments
Your Comment