হ্যাটট্রিক জয়ের পর বাংলাদেশ এইচপির প্রথম হার

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি। অ্যাডিলেড একাডেমির বিপক্ষে ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। শেষদিকে মাত্র ৮ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দলটি। বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন আরিফুল ইসলাম। ৬৬ রানের ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি। ডারউইনের মারারা ওভালে ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। আরিফুল এক প্রান্তে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তে কেউই তাকে দীর্ঘ সময় সঙ্গ দিতে পারেননি। সাব্বির রহমান ৮ বলে ৫ এবং অধিনায়ক ইরফান শুক্কুর ৭ বলে ৫ রান করে ফেরেন। মাত্র ১৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর পঞ্চম উইকেটে আরিফুলের সঙ্গে জুটি গড়েন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ১৮ বলে ১৮ রান করে আউট হলে আবারও ব্যাটিং ধস নামে। শেষ পর্যন্ত মাত্র ৮ বলের ব্যবধানে আরও পাঁচ উইকেট হারিয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ এইচপির ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৪ রান তোলে অ্যাডিলেড একাডেমি। চতুর্থ ওভারে কন্নর ক্যারলকে বোল্ড করে জুটি ভাঙেন মিস্ট্রি স্পিনার রুবেল। পরের ওভারেই জের্সিস ওয়াদিয়াকে বোল্ড করেন আবু হায়দার রনি। এরপর বাংলাদেশি বোলারদের চাপে নিয়মিত উইকেট হারালেও এক প্রান্ত আগলে রাখেন হেনরি হান্ট। ২৯ বলে ৩৫ রান করেন তিনি। শেষদিকে আর কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে না পারায় ১৬৪ রানেই থামে অ্যাডিলেড একাডেমির ইনিংস। বাংলাদেশ এইচপির হয়ে আবদুল গাফফার সাকলাইন চারটি, রুবেল তিনটি এবং আবু হায়দার রনি ও রাকিবুল একটি করে উইকেট নেন। এই জয়ে টানা তিন ম্যাচের জয়ের পর প্রথমবারের মতো হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news