উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাই টুর্নামেন্টে দারুণ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সাইফুল বারী টিটুর দল। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক উজবেকিস্তানের।


ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমা মারমার ক্রস থেকে গোল করেন আলমিনা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় উজবেকিস্তান।


এরপর দুই দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত যোগ করা ছয় মিনিটের সময়েই আসে বাংলাদেশের কাঙ্ক্ষিত গোল।


মিডফিল্ড থেকে বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে শট নেন রুনা আক্তার। তাঁর শট জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই গোলই নিশ্চিত করে বাংলাদেশের জয়।


এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘এইচ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ফিলিপাইন। নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইন ৪-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে।


উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এক গোলের ব্যবধানে জয় পাওয়ায় গোল ব্যবধানে ফিলিপাইনের চেয়ে পিছিয়ে রয়েছে। আগামী ১১ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মূল পর্বে যেতে হলে ওই ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের সামনে আর কোনো বিকল্প নেই।


0 Comments

Your Comment