আলপির জোড়া গোলে জর্ডানকে হারাল বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাইয়ের আগে প্রস্তুতিটা দারুণভাবে সেরে নিচ্ছে বাংলাদেশ নারী দল। জর্ডান সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও স্বাগতিকদের হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার বাংলাদেশের জয়ের নায়ক আলপি আক্তার। তাঁর জোড়া গোলে জর্ডানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।


রোববার (১৩ সেপ্টেম্বর) আম্মানের জেএফএ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগের প্রস্তুতি ম্যাচেও জর্ডানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। সেবার স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল আলপিরা।


দ্বিতীয় ম্যাচেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় লাল-সবুজ দল। দুটি গোলই করেন আলপি আক্তার।


ম্যাচের ২০ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন আলপি। এরপর ৩৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।


এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও জর্ডানের বিপক্ষে গোল করেছিলেন আলপি। ফলে দুই ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়াল তিনে।


জর্ডান সফরে ম্যাচের প্রস্তুতিতেও বিশেষ গুরুত্ব দিয়েছিল বাংলাদেশ দল। অনুশীলনে ওয়ার্ম-আপ, পজেশন গেম ও সেট-পিস নিয়ে কাজ করা হয়। খেলোয়াড়দের দৃঢ় মানসিকতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন মাঠের খেলাতেও দেখা গেছে।


এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের আগে জর্ডানের বিপক্ষে টানা দুই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

0 Comments

Your Comment