আফগানিস্তানের বিপক্ষে গতকাল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ম্যাচে বাংলাদেশের খেলা দেখে হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। প্রশ্ন তুলেছেন জাতীয় দলের উন্নতির পথ নিয়ে।
তিনি বলেন, বাংলাদেশের খেলা দেখে আমি ভীষণ মর্মাহত হয়েছি। ব্যস্ততার কারণে সব সময় খেলা দেখার সুযোগ হয় না। কিন্তু গতকাল অনেক আশা নিয়ে বাংলাদেশের ম্যাচটি দেখতে বসেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে, দলের পারফরম্যান্স দেখে আমার মনে হয়েছে, আমরা যেন আবার সেই ২০০৬-২০০৮ সালের বাংলাদেশ ক্রিকেটের জায়গাতেই ফিরে গেছি। এত বছর পরও যদি আমাদের একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে আমাদের উন্নতির পথটা আসলে কোথায়?
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ইমরুল কায়েস লিখিছেন, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, ২০১০ সালের পর থেকে বাংলাদেশ ক্রিকেট প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক উন্নতি করতে পারেনি, বিশেষ করে বিশ্বকাপের মতো বড় মঞ্চে। আমার মনে হয়, এর অন্যতম বড় কারণ হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব, দল গঠনে ধারাবাহিকতা না থাকা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা ইগোর প্রভাব থাকার আশঙ্কা। কে দলে থাকবে, কে বাদ পড়বে, কাকে সুযোগ দেওয়া হবে-এসব সিদ্ধান্ত যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে তাৎক্ষণিক ফলাফল কিংবা ব্যক্তিগত বিবেচনার ওপর নির্ভর করে, তাহলে একটি শক্তিশালী দল গড়ে তোলা কঠিন।
তিনি বলেন, একটি আন্তর্জাতিক দলকে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত করতে হলে অন্তত চার বছরের একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। সেই পরিকল্পনার অংশ হিসেবে খেলোয়াড় নির্বাচন, ব্যাটিং অর্ডার, দলের কম্বিনেশন, নির্দিষ্ট খেলোয়াড়দের দায়িত্ব এবং চাপের মধ্যে খেলার প্রস্তুতি-সবকিছু ধাপে ধাপে গড়ে তুলতে হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রায়ই মনে হয়, প্রতিটি সিরিজের ফলাফলই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। একটি সিরিজ জেতার জন্য আমরা হয়তো কিছু পরিবর্তন আনি, কিছু পরীক্ষা-নিরীক্ষা করি, সাময়িক সাফল্যও পাই। কিন্তু এই প্রক্রিয়ায় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে একটি সুসংগঠিত, আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ দল গড়ে তোলার কাজটি পিছিয়ে পড়ে।
জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, আমাদের ক্রিকেটে ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখতে হবে। যারা বোর্ডে দায়িত্ব পালন করেন, যারা নির্বাচক হিসেবে কাজ করেন কিংবা যারা দল পরিচালনার দায়িত্বে থাকেন, তাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ-নিজেদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, মতের পার্থক্য কিংবা ইগোর ঊর্ধ্বে উঠে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থকে সবার আগে রাখুন। কারণ, কোনো ব্যক্তি বা পদ স্থায়ী নয়; কিন্তু বাংলাদেশ ক্রিকেট আমাদের সবার।
ইমরুল কায়েস বলেন, আমি বাংলাদেশ ক্রিকেটের কাছে খুব বেশি কিছু চাই না। আমি শুধু চাই, বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলুক, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করুক এবং বিশ্বমঞ্চে এমন পারফরম্যান্স করুক, যা দেখে আমরা গর্ব করে বলতে পারি।
Subscribe to stay up-to-date on all the latest news
0 Comments
Your Comment