বাংলাদেশ-নেপাল কাবাডি সিরিজে রেফারির দায়িত্বে ফুলবাড়ীর মোহাম্মদ আলী

ঢাকায় অনুষ্ঠাতব্য আগামী ১৫ থেকে ২৫ জুলাই বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার 'নারী কাবাডি টেস্ট সিরিজ-২০২৬' পরিচালনায় রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সৈয়দ মোহাম্মদ আলী। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীপুর ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোক্তার হোসেন মোল্লা। এর আগে, ১০ জুলাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক অধ্যক্ষ (অব.) মো. আব্দুল হকের সই করা এক অফিসিয়াল পত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদীয়মান রেফারি হিসেবে ক্রীড়া ক্ষেত্রে তার নিষ্ঠা, দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন তাকে এ গৌরবময় দায়িত্ব প্রদান করেছেন। ২০২৫ সালের দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপেও তিনি রেফারি হিসেবে মনোনয়ন পেয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জানা যায়, সৈয়দ মোহাম্মদ আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) থেকে বিএসএস, এমএসএস এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে বিপিএড, এমপিএড সম্পন্ন করেছেন। বর্তমানে পার্বতীপুর উপজেলার ভবানীপুর ডিগ্রি কলেজে শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্তরত রয়েছেন। ফুলবাড়ী ভবানীপুর ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোক্তার হোসেন মোল্লা বলেন, সৈয়দ মোহাম্মদ আলী নারী কাবাডি বিশ্বকাপ, আন্তঃ ইউনিভার্সিটি, আন্তঃজেলা ও জাতীয় পর্যায়ে অনেক খেলার রেফারি হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক মানের খেলায় রেফারি হিসেবে পুনরায় মনোনয়ন পাওয়ায় আমরা গর্বিত। আমরা তাকে কলেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।

0 Comments

Your Comment