বাংলাদেশের হয়ে আর্চারিতে স্বর্ণপদক অর্জন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব। ২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১ এ বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে নেওয়াজ আহম্মদ রাকিব এই সাফল্য অর্জন করেন। শনিবার রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাইধনখালি গ্রামে। শরীফুল ইসলাম জানান, গত ২১ মার্চ থেকে ব্যাংককে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন আরচার অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে ২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জয় করে। এই জয়ে নেওয়াজ রাকিব গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিজিবির এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।
0 Comments
Your Comment