সাফ ফুটসালে শিরোপার স্বপ্ন দেখছেন বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ার পথেই হাঁটছেন সাবিনা খাতুনরা। গতকাল ব্যাংককের ননথাবুরি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২ গোলে পিছিয়ে থেকেও ৬-৩ গোলে জয় পেয়েছে লাল-সবুজের দল। চার ম্যাচে বাংলাদেশের এটি ছিল তৃতীয় জয়। আগের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায়। বাকি দুটির মধ্যে ভুটানের সঙ্গে ৩-৩ ড্র ও ভারতকে ৪-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। সাবিনারা শ্রীলঙ্কার বিপক্ষে যে শুরুটা করেছিলেন, তাতে শঙ্কা জেগেছিল বড় ব্যবধানে হারের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গোল উৎসবে মেতেছেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ২০ মিনিটের লড়াইয়ের ১২ মিনিটেই গোল জালে জড়ায় বাংলাদেশের। কয়েক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে শ্রীলঙ্কা। ১৮ মিনিটে কৃষ্ণ রাণী সরকারের সঙ্গে বল আদানপ্রদান করে নিখুঁত শটে গোল করেন সাবিনা। প্রথমার্ধের শেষের দিকে স্বস্তি ফিরে আসে বাংলাদেশের শিবিরে। বাই লাইনের ওপর থেকে কৃষ্ণার কাটব্যাকে সাবিনা পুনরায় গোল করে স্কোরলাইন ২-২ করেন। দ্বিতীয়ার্ধে টুর্নামেন্টে নিজেদের চেনা রূপ তুলে ধরেন বাংলাদেশের মেয়েরা। ২৮ মিনিটে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় বাংলাদেশ। সাবিনার কর্নারে সুমাইয়া বাঁ পায়ের প্লেসিংশটে দলের তৃতীয় গোল করেন। ৩৬ মিনিটে কৃষ্ণা ব্যবধান ৪-২ করেন। এরপর মাসুরা পারভিন পঞ্চম গোলটি করেন। কৃষ্ণা শেষের দিকে আরও ১টি গোল করেন। শ্রীলঙ্কা ১টি গোল শোধ করলে ফল দাঁড়ায় ৬-৩। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন শীর্ষে। ৯ পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতই।
0 Comments
Your Comment