এক্সপ্রেসওয়ের টোল আত্মসাৎ দুদকের অভিযান
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ের তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় এ অভিযান চালায়। দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে টোল আদায়ে অনিয়মের অভিযোগ রয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে কমিশনের অনুমোদন নিয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদক বলেছে, প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাদের কাছে মনে হয়েছে, টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা এবং টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা ও খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে আরও অভিযান পরিচালনা করেছে দুদক। গতকাল দিনাজপুর, বাগেরহাট ও ফরিদপুরে দুদকের প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান চালায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।