জানাজায় এমপির বক্তব্য ঘিরে উত্তেজনা, ভুয়া ভুয়া স্লোগান

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের জানাজার আগে সংসদ সদস্য মো. আব্দুল আজিজের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে নিহত শাকিলের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়ার সময়ও উত্তেজনা দেখা দেয়।


মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর উপজেলার শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে জানাজার আগে এ ঘটনা ঘটে।


জানাজার আগমুহূর্তে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বক্তব্য শুরু করে বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’ এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বক্তব্য চালিয়ে যেতে চাইলে একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি বক্তব্য শেষ করেন।


পরে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য শেষে সংসদ সদস্য আব্দুল আজিজ আবার বক্তব্য দেন। এ সময় নিহত শাকিলের পরিবারকে তাঁর পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিলে ফের উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি শান্ত করতে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাইক হাতে নিয়ে উদ্যোগ নেন।


জানাজা শেষে প্রবাসী রাসেলের চাঁচকৈড় বাজারে অবস্থিত রাশ আরবানী শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।


এর আগে ছাত্রনেতা শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য মো. আব্দুল আজিজের ছেলে মো. নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বিকেলে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।


এর আগে সোমবার রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় নিজ বাড়ি থেকে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।


উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলকে মোটরসাইকেলে ধাওয়া করা হয়। পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news