সাজেকে স্বস্তি ফেরেনি

অবরোধে অচল হয়ে পড়েছে রাঙামাটির সাজেক। পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, পর্যটন ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টরা। চাঁদাবাজি, হুমকি ও সশস্ত্র তৎপরতার অভিযোগে দীর্ঘ হচ্ছে অস্থিরতা। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার অভিযোগ, জেএসএসের সশস্ত্র সদস্যদের হুমকিতে শতাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। গ্রামবাসীদের ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতায় জুমচাষিরাও কাজে যেতে পারছেন না। এর প্রতিবাদে গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটি অবরোধের ডাক দেয়।


এদিকে, গত বৃহস্পতিবার পর্যটকদের নিরাপদে ফেরানোর সময় সেনাবাহিনী ও পর্যটকবাহী গাড়িবহরে অবরোধকারী সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় পাঁচ সেনাসদস্য আহত হন বলে জানা গেছে। গতকাল ভোর থেকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করেন সংগঠনগুলো। তবে তাদের অবরোধে রাঙামাটি শহরে কোনো প্রভাব না পড়লেও কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা ছড়ায় খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক ও বাঘাইহাট সড়কে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক স্বাভাবিক করে।


পার্বত্য যানবাহন মালিক সমিতির সভাপতি আইয়ুশ চাকমা বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেক খুলে না দিলে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।’ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত পর্যটন কেন্দ্র চালুর আহ্বান জানান তিনি।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news